০১ মার্চ, ২০১৬ ১৪:০০
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল ফোন হাতিয়ে নেয়ার জন্য ৮ বছরের শিশু মেহেদী হাসান রাসেল হত্যার দায়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ প্রদান করেন। এসময় মামলার অপর দুই আসামী সিরাজ মিয়া ও সালেহ আহমদকে খালাস প্রদান করা হয়।
২০০৭ সালের ১৮ অক্টোবর বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লা’র প্রবাসী আব্দুল হামিদের ছেলে মেহেদী’র কাছ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেয়ার জন্য একই গ্রামের আব্দুর রশিদ তাকে হত্যা করে পাশের মুক্তার জঙ্গলে কাদা মাটিতে পুতে রাখে।
পরদিন তাকে আটকের পর ওই স্থান থেকে মেহেদী’র মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মেহেদী’র মা স্বপ্না বেগম বাদী হয়ে আব্দুর রশিদসহ ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।
১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আব্দুর রশিদের উপস্থিতিতে তার মৃত্যুদণ্ড প্রদান করেন।
তবে দোষী সাব্যস্ত না হওয়ায় সিরাজ মিয়া ও সালেহ আহমদকে অব্যাহতি দেয়া হয়। রায়ের সময় সালেহ পলাতক ছিলেন।
আপনার মন্তব্য