০১ মার্চ, ২০১৬ ১৪:৩৬
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই এই দাবীতে “অর্গ্যানিজেশন্ ফর দ্যা রেকগনিশন্ অফ্ বাংলা” এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দ্যা ইউনাইটেড নেশন্স হবিগঞ্জ শাখার উদ্যোগে বাংলা ভাষা শুদ্ধ ভাবে লিখা ও বলার জন্য সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়েছে।
“এসো শুদ্ধ বাংলা লিখি” এই শিরোনামে গত ২৯ ফেব্রুয়ারি সোমবার ক্যাম্পইনের অংশ হিসেবে স্থানীয় শাইনিং স্টার স্কুলের ২য় থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শুদ্ধ বাংলা লিখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ১ মার্চ শাইনিং স্টার মডেল স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
অর্গ্যানিজেশন্ ফর দ্যা রেকগনিশন্ অফ্ বাংলা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এই সংগঠনের সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গ্যানিজেশন্ ফর দ্যা রেকগনিশন্ অফ্ বাংলার কেন্দ্রিয় কমিটির সদস্য প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, লেখিকা তাহমিনা বেগম গিনি, শাইনিং স্টার মডেল স্কুলের অধ্যক্ষ সৈয়দ এবাদুর হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, ও আব্দুল ওয়াদুদ শামীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক সিদ্দিকি হারুন।
অর্গ্যানিজেশন্ ফর দ্যা রেকগনিশন্ অফ্ বাংলার কেন্দ্রিয় কমিটির সদস্য প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল বলেন, সারা বিশ্বে প্রায় ২৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এখন ২১শে ফেব্রুয়ারী সারা বিশ্বে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।” গানটি এ বছর ১৬ টি দেশের ভাষায় গাওয়া হয়েছে। বাংলা ভাষাকে আর্ন্তজাতিক মর্যাদা দেয়া হয়েছে। তাই আমরা চাই পৃথিবীর অন্যান্য ভাষার মত বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা হোক।
আপনার মন্তব্য