০২ মার্চ, ২০১৬ ১৯:৫১
বকেয়া বেতন-ভাতা আদায়ের জন্য দৈনিক সকালের খবরের প্রকাশক-সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন পত্রিকাটির সাবেক বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ। মঙ্গলবার সিলেটের যুগ্ম জেলা জজ (২য়) আদালতে এ মামলা (নং : ৬) দায়ের করেন তিনি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে পত্রিকাটির প্রকাশক-সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।
মামলায় সকালের খবরের প্রকাশক ও সাবেক সম্পাদক রোমো রউফ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক বার্তা সম্পাদক কমলেশ রায়, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক, উপ ব্যবস্থাপক কাজী আসাদুর রহমানকে বিবাদী করা হয়েছে। মামলায় চৌধুরী মুমতাজ অভিযোগ করেন, ২০১১ সালের ১ এপ্রিল দৈনিক সকালের খবরে যোগদানের পর থেকে তিনি সূচারুরূপে দায়িত্ব পালন করে আসছিলেন।
এমন অবস্থায় ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট, ভিত্তিহীন ও অবাস্তব অভিযোগ এনে তাকে অন্যায়ভাবে পত্রিকাটির দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। পরবর্তী দীর্ঘ সময়েও তার বকেয়া বেতন-ভাতা ও বিভিন্ন প্রকার বিল পরিশোধ করা হয়নি। আদালতে তিনি ক্ষতিপূরণসহ এর প্রতিকার প্রার্থনা করেন। বাদীপক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এ এইচ ইরশাদুল হক।
আপনার মন্তব্য