দেবব্রত চৌধুরী লিটন জৈন্তাপুর থেকে ফিরে

০৯ এপ্রিল, ২০১৬ ১৫:৩২

জৈন্তাপুরে দল নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন ভোটাররা

আগামী ২৩ এপ্রিল সিলেটের জৈন্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোতে অনুষ্ঠিত হবে নির্বাচন। এবারের ইউপি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও দল নয় ব্যক্তি দেখে ভোট দিবেন এমনটাই জানা গেল বেশ কয়েকজন ভোটারের কাছ থেকে।

উপজেলার ৬ নং চিকনাগুল ইউপির কোহাইঘর এলাকার বাসিন্দা সাইফুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউনিয়নে দল নয় ব্যক্তি ইমেজকে প্রাধান্য দিয়ে ভোটাররা ভোট দিবেন। চিকনাগুল ইউনিয়ন পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৪জন। তারা হলেন, আওয়ামীলীগের আলী আহমদ (নৌকা), বিএনপির এ.বি.এম জাকারিয়া (ধান), জাতীয় পার্টির সিদ্দিকুর রহমান (লাঙ্গল) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমিনুর রশিদ ( আনারস)।


শনিবার সকালে চিকনাগুল ইউপিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী আহমদের সাথে কথা হলে তিনি জানান, অবকাঠামোগত ভাবে এই ইউনিয়ন খুবই অবহেলিত। জরাজীর্ণ অবস্থায় রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয়টি। পাকা কোন রাস্তাঘাট নেই এই ইউপিতে। আমি নির্বাচিত হলে এই সকল সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবো।


এই ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান এ.বি.এম জাকারিয়া। নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি জানান, আমাদের এলাকায় রাজনৈতিক সৌহার্দপূর্ণ পরিবেশ এখন পর্যন্ত বজায় রয়েছে। এতে করে নির্বাচনী পরিবেশ অনেকটাই শান্তিপূর্ণ এই এলাকার। অজ্ঞাত কারণে গত কয়দিন ধরে সবার পোষ্টার যথাস্থানে থাকলেও আমার পোষ্টার ছিড়ে যাচ্ছে। এসময় তিনি নির্বাচনের দিন ইউপির ৩টি ভোট কেন্দ্রে সংঘাতের আশংকা করছেন।

চিকনাগুল ইউপির ৫নং ইউপির সদস্য প্রার্থী ধীরেন্দ্র নাথ ধীরু সাথে কথা হলে তিনি জানান, ' অখন পর্যন্ত নির্বাচনের  পরিবেশ বালা আছে, শেষ পর্যন্ত অলা পরিবেশও ভুট অইলেউ অয় '।

আপনার মন্তব্য

আলোচিত