০৭ আগস্ট, ২০২৬ ১৪:৩৭
সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের ৪ জনের পরিচয় মিলেছে। এরমধ্যে দুজনের বাড়ি সিলেট এবং অন্য দুজনের বাড়ি কিশোরগঞ্জ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম ও কিশোরগঞ্জের ভৈরবের পেহেলি ভৈরবী।
নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
শুক্রবার সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে আরও এক শিশুর মৃত্যু হয়। ওতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারের পাশের কাশিকাপনে বেঙ্গল বাস ও ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
ওসি জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর এক শিশু মারা গেছে। তার মাথায় গুরুতর আঘাত ছিলো। বাকি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
আপনার মন্তব্য