০৯ এপ্রিল, ২০১৬ ১৬:৩৩
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পর শহীদ মিনারের ব্যবস্থাপনায় থাকা সিলেট সিটিকর্পোরেশনের দৃষ্টিগোচর হওয়ায় বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে বরাদ্দ নিয়ে পিনা তালুকদার নামক এক কণ্ঠ শিল্পীর জন্মদিনের কনসার্ট অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
মিথ্যা তথ্য দিয়ে শহীদ মিনার বরাদ্দ নেয়া অনুষ্ঠানটি বাতিল করার কথা নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব।
শনিবার (৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে ওয়ান স্টার পি ব্যান্ড ওপেন কনসার্ট নামক অনুষ্ঠানটি হবার কথা থাকলেও শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা বেশ কয়েকজন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
শহীদ মিনারের তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা আফতাব আলী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই আয়োজনটি বাতিল করা হয়, গত রাতে কনসার্টের নামে করা পোস্টারও সরিয়ে ফেলা হয়।
প্রসঙ্গত বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা উল্লেখ করে ৯ এপ্রিল শহিদ মিনার বরাদ্দ নেয়া হলেও 'বাংলাদেশ বেতারের নিয়মিত কণ্ঠ শিল্পী পিনা তালুকদার এর ২৪ বছর পূর্তি উপলক্ষে ওয়ান স্টার পি ব্যান্ড ওপেন কনসার্ট' নামক একটি অনুষ্ঠানের প্রচারণা চালান আয়োজকরা। এই খবর প্রকাশ হবার পর সিলেটের সংস্কৃতিকর্মী ও নাট্যকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহীদ মিনার কারো জন্মদিন পালনের জায়গা নয়"।
আপনার মন্তব্য