নিউজ ডেস্ক

১০ এপ্রিল, ২০১৬ ০৯:৫৭

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ধর্মঘট প্রত্যাহার

এক মাসের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরুর দাবী জানিয়েছেন আন্দোলনকারীরা । দাবী আদায় না হলে পরবর্তীতে পুরো বিভাগে লাগাতার পরিবহন ধর্মঘট ডাকার হুমকি ইদেলন তারা।

চারদিন পর সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিলের সাথে দীর্ঘ আড়াই ঘন্টাব্যাপী বৈঠকশেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সালুটিকর পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইকলাল আহমদ।

জানা গেছে, আন্দোলনকারীরা সড়ক ও জনপথ অধিদপ্তরকে আগামী ১১ মে’র মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ এ রাস্তার সংস্কার কাজ শুরুর আল্টিমেটাম দেন। এর মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে আগামী ১২মে থেকে তারা ফের ধর্মঘটে যাবেন। শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে চলা বৈঠকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। তবে, বৈঠকের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অতিরিক্ত সচিব আন্দোলনকারীদের কাছ থেকে দেড় মাসের সময় নিয়েছেন। তিনি বলেছেন, আগামী মঙ্গলবার প্রকল্পটি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে উঠার সম্ভাবনা রয়েছে। মন্ত্রীসভা কমিটিতে পাস হওয়ার পর আনুষঙ্গিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে সংস্কার কাজ শুরু হতে দেড় মাস সময় লেগে যেতে পারে।

তবে, আন্দোলনকারীরা অতিরিক্ত সচিবকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। বৈঠকে রাস্তাটি আপাত চালু রাখার জন্য আনুষঙ্গিক সংস্কার কাজ চালাতে সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং সিলেট সদর ও কোম্পানীগঞ্জের ইউএনও’র নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করে দিয়েছেন।

এ কমিটি প্রকল্পের কাজ শুরু না হওয়ার আগ পর্যন্ত রাস্তায় চলমান সকল সংস্কার কাজ সমন্বয় ও তদারকি করবে। বৈঠকেও অতিরিক্ত সচিব ছাড়াও সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সওজ-এর সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম প্রধান জাকির হোসেন, সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়া, সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির, তত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার সাহা, নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছির, সদর ও কোম্পানীগঞ্জের ইউএনও যথাক্রমে মাহবুবুর রহমান ও আলমগীর কবির, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এবং আন্দোলনকারী বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক গ্রুপ, সালুটিকর-কোম্পানীঞ্জ-গোয়াইনঘাট বাস মালিক সমিতি, আম্বরখানা-সালুটিকর-কোম্পানীগঞ্জ সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭, ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমিতি, ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমিতি, সালুটিকর পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতি, ছালিয়া সবুজ বাংলা যুব সংঘ, রঙ্গিটিলা সমাজ কল্যাণ সংস্থা, গোধুলী সমাজ কল্যাণ সংস্থা এবং খাদিম নগর ছাত্র কল্যাণ সংস্থা রাস্তা সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে এ ধর্মঘট পালন করছে।

আপনার মন্তব্য

আলোচিত