সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৬ ১৯:১৪

ফিলিং স্টেশনে হামলায় আগামীকাল সারাদেশে জ্বালানি সেক্টরে ধর্মঘট

দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা ও লুটপাট এবং থানায় মামলা না নেয়ায় সারাদেশে জ্বালানি সেক্টর তথা তেল-গ্যাস উত্তোলন, পরিবহন, মজুদ ও বিক্রিতে ধর্মঘটের ডাক দিয়েছে জ্বালানি সেক্টরের সাথে জড়িত ৪টি সংগঠন। 

আগামীকাল বুধবার থেকে সারাদেশে ধর্মঘট পালন করা হবে।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ধর্মঘটে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-২১৭৪) একাত্মতা ঘোষণা করে।

এ ব্যাপারে সংগঠন গুলোর নেতারা জানান, জ্বালানি সেক্টরের এই ৪টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিও আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, আজ (মঙ্গলবার) রাতের মধ্যে যদি সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা-লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ না করলে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে জ্বালানি সেক্টরে ধর্মঘট পালন করা হবে।

সংগঠন গুলোর নেতারা আরও জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। যদি সমস্যা সমাধান হয় তবে ধর্মঘট প্রত্যাহার করা হবে। 

এদিকে,দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ভাংচুর ও লুটপাট এবং এ ঘটনায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের সিএনজি ফিলিং স্টেশন, পেট্রল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে সিলেট নগরী ও আশেপাশের এলাকা। 

আপনার মন্তব্য

আলোচিত