নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০১৭ ২০:০৭

শিবগঞ্জে কলেজ ছাত্র সাইফুল হত্যারহস্য উদঘাটনের দাবি পুলিশের

নগরীর শিবগঞ্জের  লামাপাড়ায় কলেজছাত্র সাইফুল ইসলাম (১৮) হত্যার রহস্য উদঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জেদান আল মুসা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই হত্যার সাথে ৩জন জড়িত ও ২ জন ইতোমধ্যে জেল হাজতে রয়েছে। এদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

গত ১ জুলাই শিবগঞ্জের লামাপাড়ায় আরজান আলীর ছেলে সাইফুল ইসলামকেকুপিয়ে হত্যা করা হয়। ছেলে হত্যার ঘটনায় আরজান আলী শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।

এডিসি জেদান আল মুসা জানান, প্রযুক্তিগত তথ্যসহ বিভিন্ন মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় এই হত্যার সাথে নিহতের পূর্ব পরিচিত পারভেজ, জীবন ও রাসেল সম্পৃক্ত। এরপর অভিযান চালিয়ে আবু সাদিক পারভেজ (২২) কে গ্রেপ্তার করে পুলিশ। গত ৭ জুলাই আদালতে পারভেজ জবানবন্দি প্রদান করে ও তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করে।

জেদান জানান, গত ১২ জুলাই এই মামলার আরেক আসামী জীবন চৌধুরী (১৮) আদালতে আত্মসমর্পন করে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।

এছাড়া পলাতক আসামী রাসেলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত