১৬ জুলাই, ২০১৭ ১৭:৫১
হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার ও মানিকপুর এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় অবস্থিত স্টার সিরামিকসের সামনে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন নিহত ও অপর তিনজন আহত হন।
এছাড়াও রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মানিকপুর এলাকায় যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়ে তাহরিমুল ইসলাম (৩০) নামে এক কোয়েল পাখি ব্যবসায়ী নিহত হন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার তারাকান্দি গ্রামের জহুর আলীর ছেলে। তিনি কিশোরগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিলেন।
আপনার মন্তব্য