সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৭ ১৭:৪৯

সিসিক-উইমেন্স হাসপাতাল দ্বন্দ্ব: ‘বিভ্রান্তিকর সংবাদ’ নিয়ে মেয়র আরিফের বিবৃতি

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সোমবারের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এই ঘটনাকে কেন্দ্র করে 'বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ার প্রেক্ষিতে' মঙ্গলবার গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, সিলেটের চিকিৎসক সমাজের কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ আমার জীবন সংকটাপন্ন থাকা অবস্থায় সেই দুঃসময়ে তারা যেভাবে আমাকে সহানুভূতি দেখিয়েছেন তা আমি ও আমার পরিবার কোনদিন ভুলব না।

মেয়র বলেন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ভুলবুঝাবুঝির পরপর তাৎক্ষনিকভাবে আমি সেখানে গিয়েছি এবং কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা ঘটনার সুন্দর সমাধান করেছি। নগরবাসীর প্রতিটি কাজে সবাইকে সংযমী ও ধৈর্যশীল থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, হাসপাতালের এমডি ডা. আব্দুল আহাদকেও আমি সরেজমিন গিয়ে দেখেছি। এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ।

মেয়র বলেন, সৌহার্দ্যের বন্ধন সিলেটের অতীত ঐতিহ্য। আমি ডা. আব্দুল আহাদকে দেখতে গিয়ে একান্ত আলাপচারিতায় সেই সৌহার্দ্যের বিষয়টি তুলে ধরেছি এবং বলেছি ঘটনার আকস্মিকতায় সংঘটিত ঘটনা যাতে মন থেকে মুছে ফেলে সম্মিলিতভাবে সিলেটের উন্নয়নে কাজ করতে। এই অনিচ্ছাকৃত ঘটনার সমাধান করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও ধন্যবাদ জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র বলেন, রাস্তা প্রশস্তকরণ কার্যক্রমে নয়াসড়ক-মীরবক্সটুলাবাসী অভূতপূর্ব সাড়া দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও শুরু থেকেই যথাযথ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

মহানগরীর সকলের সহযোগিতায় সিলেট মহানগরীর উন্নয়ন আরও বেগবান হবে এমনটাই প্রত্যাশা মেয়রের।

আপনার মন্তব্য

আলোচিত