০৭ আগস্ট, ২০১৭ ১৮:১৪
বিজিবি’র সিও কর্তৃক বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বেনাপুলে স্টাফ করেসপন্ডেন্ট আজিজ আহমদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা হামলার ঘটনায় জড়িত বিজিবি’র সিওকে অবিলম্বে অপসারণ করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সোমবার (০৭ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বাংলানিউজকের স্টাফ করেসপন্ডেন্ট আজিজ আহমদকে ডেকে নিয়ে শারিরিক নির্যাতন করা স্বাধীন সাংবাদিকতায় হুমকী স্বরূপ। একজন সরকারি কর্মকর্তার এ ধরণের দায়িত্বহীন কর্মকা- গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে।
তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও গণমাধ্যম বান্ধব। কিন্তু সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে কিছু সংখ্যক কর্মকর্তা এ ধরণের কান্ডজ্ঞানহীন আচরণ করছেন, বলেও তারা দাবি করেন। তারা এ ব্যাপারে সরকারকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রশাসনের মধ্যেও মনোভাবের ঘাপটি মেরে থাকা কিছু সংখ্যক সরকার বিরোধী কর্মকর্তারাই নির্যাতনের মাধ্যমে গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছেন।
বক্তারা বলেন, কর্মকর্তা হলেই যে, আইন নিজের হাতে তুলে নেবেন তা হয় না। সাংবাদিক আজিজ বস্তুনিষ্ট প্রতিবেদন করায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এর বিচার হওয়া উচিত। কেননা, বিচার না হওয়ার প্রবণতা হামলাকারীদের উৎসাহিত করছে। আমরা প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো। আমাদের হাতে অস্ত্র নেই, কলম আছে। যত বাধা বিপত্তি আসুক আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখে যাব।
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, মানবজমিন ও ইটিভির ব্যুরো প্রধান ওয়েছ খছরুর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, নিউ এজ ও বাংলাটিভির সিলেট ব্যুরো প্রধান জামান মনির, সিনিয়র সাংবাদিক ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, দৈনিক আজকের সংবাদ ‘র সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, আমাদের অর্থনীতি ও আওয়ার টাইমস এর সিলেট ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু।
উপস্থিত ছিলেন-যুগান্তর সিলেটের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক উত্তরপূর্বের সহকারি বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক শুভ প্রতিদিনের মফস্বল সম্পাদক আনন্দ সরকার, বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি মইনুল হাসান টিটু, শীর্ষ খবেরের বিশেষ প্রতিনিধি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার মোহাম্মদ এনামুল কবীর, বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট আবু বকর। এছাড়াও সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মেডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (৩ আগস্ট) ‘বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশের প্রবেশদ্বার’ শিরোনামে আজিজুলের একটি একটি রিপোর্ট প্রকাশিত হয়। শুক্রবার (০৪ আগস্ট) বেনাপোল চেকপোস্টে ডেকে নিয়ে আজিজুলকে পেটান বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল আরিফ।
এসময় আজিজকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। বুকে পিঠে লাথি মেরে মাটিতে ফেলে দেন। মামলা করার ও পুলিশে দেওয়ার ভয়ভীতি দেখানো হয়।
আপনার মন্তব্য