মৌলভীবাজার প্রতিনিধি

১৮ আগস্ট, ২০১৭ ১৮:৩৮

রাজনগরের কাউয়াদীঘি হাওরে নৌকাডুবিতে একজন নিখোঁজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে নৌকা ডুবিতে মনির মিয়া (৬০) নামক এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মূমুর্ষ অবস্থায় সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়াকে (৫০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে কাউয়াদীঘি হাওরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের মনির মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়া (৫০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মনির মিয়া (৬০) বৃহস্পতিবার গভীর রাতে মাছ ধরার জাল পাতার জন্য কাউয়াদীঘি হাওরে শালকাটুয়া এলাকায় যান। রাত দেড়টার দিকে হাওরে ঝড় শুরু হলে তারা হাওর পারের শাহবাজপুর গ্রামে নৌকা ভেড়ানোর জন্য এগিয়ে যান। এর একটু পরেই বাতাসে তাদের নৌকা ডুবে যায়। এতে মনির মিয়া হাওরের পানিতে তলিয়ে যান।

এদিকে সুন্দর মিয়া কোনমতে সাতার কেটে হাওরের কান্দি এলাকায় যান। সেখানে তার চিৎকারে ওই এলাকায় থাকা বাঘের বাড়ি গ্রামের মখদ্দুছ মিয়া তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শাহবাজপুর গ্রামে নিয়ে যান।

শুক্রবার সকালে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনির মিয়ার খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চালানো হচ্ছে।

পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুন নূর আহমদ আজাদ জানান, কাউয়াদীঘি হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একজন নিখোঁজ রয়েছে। সুন্দর মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত