হবিগঞ্জ প্রতিনিধি

২১ আগস্ট, ২০১৭ ২১:০৫

হবিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (২১ আগস্ট) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হল বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের ওয়াব উল্লাহর ছেলে জসীম মিয়া (২২) ও আব্দুল আলীর ছেলে নূরুল আমিন (২১)। মামলার অপর আসামী কারবারি উল্লাহর মেয়ে রুহেনা বেগম (২৭)কে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার নিয়ামতপুর গ্রামের গৌরমনি সরকারের ১৪ বছর বয়সী মেয়ে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমরেখ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। ৪ এপ্রিল সন্ধ্যা রাতে জসীম ও নূরুল আমিন তাকে ধরে নিয়ে যায়। তাকে রুহেনা বেগমের ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় তার ভগ্নীপতি গোপেন্দ্র সরকার বাদী হয়ে উল্লেখিত ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার উল্লেখিত রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ জানান, এর মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। দোষীদের শাস্তি হলে অন্য কেউ একই ধরণের অপরাধ করতে ভয় পাবে।

আপনার মন্তব্য

আলোচিত