নবীগঞ্জ প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৭ ১৩:১৪

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সহস্রাধিক দর্শকের আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে নবীগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া এলাকার শাখা বরাক নদীতে সর্দারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এ নৌকা বাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগীতায় অংশ নেয় বিভিন্ন এলাকার আট‘টি নৌকা। এ প্রতিযোগিতায় ৩য় রাউন্ডে পৃথক বাইছে ৪ টি নৌকার দৌড় সমান (ড্র) হওয়ায় ফাইনালের সিদ্ধান্ত হয়নি।

সময় স্বল্পতার কারণে ঈদের ২ দিন পর চারটি নৌকা- নবীগঞ্জের খইড়া, কানিয়াচঙ্গের বাগতা, আজমিরিগঞ্জের জিলুয়া ও নবীগঞ্জের হালিতলার নৌকার মধ্যে ৩য় রাউন্ডের দৌড় শেষে বিজয়ী দুটি নৌকার ফাইনাল দৌড় অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে নদীতে নৌকা নিয়ে ঘুরে সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ সাগর, মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক সুনুক মিয়া।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুপুরের পর থেকেই নদীর পাদদেশে বিভিন্ন এলাকার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে নদীর দু’পাড়ে ঢল নামে হাজারো মানুষের।

এদিকে প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকার মাঝিরা কখনো একদল আরেক দলকে পেছনে ফেলে আগে ওঠে। আবার পেছনে পড়ে। এসময় নদীর দু’পাড়ে দাঁড়ানো হাজার হাজার দর্শকরা  করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ যোগীয়ে যান। অনেকে আবার সপরিবারে নৌকা ভ্রমণ করে এসে দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।

ফাইনালে ১ম বিজয়ী নৌকা পাবেন একটি ঘোড়া, ২য় পুরস্কার ছাগল। প্রতিযোগিতা উপভোগ করতে আসা দর্শকদের একটি নৌকা ভেঙ্গে কিছু অংশ ডুবে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আপনার মন্তব্য

আলোচিত