হবিগঞ্জ প্রতিনিধি

২৪ আগস্ট, ২০১৭ ২৩:২৪

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের দুর্নীতির তদন্ত শুরু

চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমা আরা খানুমের উপস্থিতিতে এ তদন্ত শুরু হয়।

এর আগে চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে।

জানা যায়, আবু তাহেরের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা, স্কুল, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের নামে বরাদ্দকৃত এডিপির অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ বালু উত্তোলন, বনাঞ্চল ধ্বংসেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণে উপজেলা নির্বাহী অফিসার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। দায়িত্ব নেয়ার পর থেকে উপজেলা চেয়ারম্যানের নানা দুর্নীতি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়। তিনি মাঠ পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে দুর্নীতির সত্যতাও পেয়েছেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমা আরা খানুমের দফতরে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ শুরু হয়।

তদন্তকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারী বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মতিউর রহমান, উপ-পরিচালক মোঃ জাকারিয়া, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন ও হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিউল আলম।

তদন্ত কর্মকর্তারা শিশু নিকেতনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তদন্ত কমিটির সদস্যরা বেলা ১২টায় চুনারুঘাটে পৌছান, সন্ধ্যা ৭টার দিকে তারা উপজেলা ত্যাগ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মনীষ চাকমা জানান, চুনারুঘাটের সার্বিক অবস্থা দেখে আমি হতাশ। বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি চুনারুঘাট উপজেলায় তেমন উন্নয়ন চোখে পড়ছে না। তিনি আরও বলেন, চুনারুঘাটের উন্নয়ন কর্মকান্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার চেষ্টা করব।

এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমা আরা খানুম বলেন, আজ থেকে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও স্বাক্ষিদের সাথে কথা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষযে বিস্তারিত কিছু বলা যাবে না।

আপনার মন্তব্য

আলোচিত