২৫ আগস্ট, ২০১৭ ০১:২৩
সিলেটের ফেঞ্চুগঞ্জের ১৩২ কেভি বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের বিদ্যুৎব্যবস্থা। বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে সিলেটের অনেক এলাকা।
তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ত্রুটি সারাতে কাজ চলছে। জাতীয় গ্রিডে ক্রটি দেখা দেওয়ায় কুমারগাঁও গ্রীড থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে গ্রাহকদের চাহিদার অনুপাতে এ গ্রীডের উৎপাদন ক্ষমতা কময় থাকায় সঠিক বিতরণ করা সম্ভব হচ্ছে না। যার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় ফেঞ্চুগঞ্জের কটালপুরে গ্রীড লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে প্রায় অন্ধকার অবস্থায় রয়েছে সিলেটের বেশিরভাগ এলাকায়। বিভিন্ন এলাকায় মাঝেমাঝে আসলেও বেশিরভাগ সময়ই ছিলো বিদ্যুৎহীন।
জানা যায়, ত্রুটি ধরা পড়ার পর ঢাকা থেকে জরুরী ব্যবস্থায় লোড শেয়ারিংয়ের মাধ্যমে সিলেটে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। যে কারণে প্রতি এক ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
সিলেট বিদ্যুত উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বলেন, ত্রুটি সারাতে কাজ চলছে। তবে কতক্ষণ সময় লাগবে তা ঠিক বলা যাবে না।
আপনার মন্তব্য