২৭ মে, ২০১৫ ১৯:৫৬
বুধবার চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এওয়ার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাউর রহমান এর সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।
স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশী প্রবাসীরা যুক্তরাজ্যের অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। তিনি ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এওয়ার্ড এর মত একটি সম্মানজনক এওয়ার্ড চালু করার জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে সিলেট চেম্বারের পক্ষ থেকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ব্রিটেনে বর্তমানে বাংলাদেশীদের একটি নিজস্বতা সৃষ্টি হয়েছে, তা ধরে রাখার জন্য প্রবাসীদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এওয়ার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাউর রহমান তার বক্তব্যে মতবিনিময় সভা আয়োজনের জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা প্রবাসী বাংলাদেশীরা যুক্তরাজ্যে নিজস্ব ব্রান্ড তৈরীর জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা সফলও হচ্ছি। তিনি জানান, বিজনেস এওয়ার্ড ছাড়াও ইতোপূর্বে তাদের উদ্যোগে লন্ডনে একটি আইসিটি ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশী অনেক প্রতিষ্ঠানও অংশগ্রহণ করেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক খন্দকার সিপার আহমদ, মোঃ সাহিদুর রহমান, এজাজ আহমদ চৌধুরী, সদস্য সাইদুর রহমান নাহিন, আব্দুছ ছালাম আনু, মোঃ সাইফ উল্লাহ্, ভারপ্রাপ্ত সচিব গোলাম আক্তার ফারুক, উপ সচিব নূরানী জাহান কলি প্রমুখ।
আপনার মন্তব্য