৩০ মে, ২০১৫ ১৭:০৭
সিলেট বোর্ডের শিক্ষার্থীরা এবার গনিতে হতাশ করলেও বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯৫ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী। এ বিভাগ থেকে ১৫ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৪৫৮ জন।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৯ দশমিক ২৮ শতাংশ ও মানবিক বিভাগে ৭৬ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
তবে, ভালো ফলাফলে সিলেটের মফস্বলের তুলনায় অনেকটাই এগিয়ে শহুরে শিক্ষার্থীরা। শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সার্বিক ফলে সিলেট বোর্ডের সেরা ২০ টির মধ্যে ১৮টি স্কুলই শহরে অবস্থিত। বাকি দুটির অবস্থান উপজেলা সদরে। সেরা স্কুলের তালিকায় ঠাঁই পায়নি মফস্বলের কোনো প্রতিষ্ঠান। ভালো ফল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিলেটে ১০টি, মৌলভীবাজারে ৫টি, হবিগঞ্জে ৪টি ও সুনামগঞ্জের ১টি স্কুল রয়েছে।
পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিসহ ৬টি সূচকে এবার সিলেট শিক্ষা বোর্ডের সেরা ৫টি স্কুল হচ্ছে- সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
আজ (শনিবার) দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান।
আপনার মন্তব্য