হবিগঞ্জ প্রতিনিধি

৩০ মে, ২০১৫ ২২:২১

সিলেট বোর্ডের শীর্ষে হবিগঞ্জ

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের পাশের হার ৮১.৮২ হলেও হবিগঞ্জ জেলার পাশের হার ৮৪.৬৩ শতাংশ। পাশের হারের দিক থেকে বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে হবিগঞ্জ জেলা। জেলার ৪১৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর বোর্ডের সেরা বিশে স্থান করে নিয়েছে ৪টি স্কুল।

জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সুত্রে জানা যায়, এবছর জেলার ১৩ হাজার ৫৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তন্মধ্যে পাশ করেছে ১১ হাজার ৪৮৩ জন। জেলায় ১ম ও শিক্ষাবোর্ডে ৮ম স্থান অর্জন করেছে নবীগঞ্জ উপজেলার হোমল্যান্ড আইডিয়াল স্কুল। ওই স্কুলের ৪৪ জন পরীক্ষা দিয়ে সকলেই কৃতকার্য হয় এবং জিপিএ-৫ পায় ১৯ জন।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বোর্ডে ৯ম স্থান অর্জন করে। এই স্কুলের ২১১ জন পরীক্ষা দিয়ে ২১০ জন পাশ করে। জিপিএ-৫ পায় ৮৫ জন। হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে ১০ম স্থানে। এই স্কুল থেকে ২৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৫৭ জন কৃতকার্য হয় এবং জিপিএ-৫ পায় ৬২ জন। মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ১৭তম স্থান অর্জন করে। তাদের ৪০ জন পরীক্ষা দিয়ে সকলেই কৃতকার্য হয় এবং জিপিএ-৫ পায় ১৬ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই প্রথম হবিগঞ্জ সিলেট বোর্ডে ১ম স্থান অর্জন করেছে। তবে গত বছরের তুলনায় পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

আপনার মন্তব্য

আলোচিত