সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৮ ২০:৫৬

সিলেটে আন্দোলনে যাচ্ছে সাংবাদিকদের ৫ সংগঠন

সাংবাদিকের উপর হামলা

সিলেটের আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলনে যাচ্ছে সিলেটের ৫টি সাংবাদিক সংগঠন।

রোববার (২৮ জানুয়ারি) রাতে জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে আয়োজিত যৌথসভায় নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন।

গত ২৫ জানুয়ারি সকালে সিলেট আদালত প্রাঙ্গণে জৈন্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও তার অনুসারীদের দ্বারা হামলার শিকার হন যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের চিত্রগ্রাহক মামুন হাসান। ওই ঘটনায় লিকায়ত আলী সগ ৬জনের নাম উল্লেখ করে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

হামলার ঘটনার চারদিন পেরিয়ে যাওয়ার পরও হামলাকারীদের বিরুদ্ধে সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সম্মান জানিয়ে সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় প্রধানমন্ত্রীর সফরের পরপরই পাঁচটি সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে এই ঘটনায় সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ইমজার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দ্বিগেন সিংহ ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাশ।

সভা সঞ্চালনা করেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু।

আপনার মন্তব্য

আলোচিত