দেবব্রত চৌধুরী লিটন

৩০ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৯

আ’লীগের জনসভা শুরু, ব্যানার-ফেস্টুন না রাখার আহ্বান

নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে শুরু হওয়া জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা শাহ আলম। এরপর যথাক্রমে গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়।

জনসভায় বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। শুরুতে প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শেখর মঞ্চে উঠে আহ্বান জানান, জনসভাস্থলে কেউ যেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তির নামে শ্লোগান না দেন। পাশাপাশি জনসভায় কোন ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড বহন না করারও অনুরোধ জানান তিনি।

জনসভার মূল বক্তা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেটের তিন মাজার জিয়ারত শেষে বর্তমানে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর আড়াইটা পর্যন্ত সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে চলমান জনসভার উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে বেলা ২টা ৪০ মিনিটে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর জনসভায় ভাষন দেবেন শেখ হাসিনা। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত