০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:২০
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনেই সিলেট শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবছরে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৩৫ এ দাঁড়িয়েছে। তবে প্রথম দিনে কেউ বহিষ্কার হননি সিলেট শিক্ষা বোর্ডে। গত বছর প্রথমদিনে অনুপস্থিত ছিলো ২৬৫ জন শিক্ষার্থী।
এবার সিলেট জেলায় ১৩৬ জন, হবিগঞ্জে ৬৫, মৌলভীবাজারে ৮১ ও সুনামগঞ্জে ৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পরীক্ষা শেষে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ বছর অনুপস্থিতির হার বাড়লেও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ১০৫ জন। সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কারের খবর আসেনি।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১৩১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ২৫৭ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯৪ হাজার ১৫২ জন।
সিলেট বোর্ডের উদ্যোগে এবার চারটি শক্তিশালী ভিজিল্যান্স টিম ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের দিয়ে গঠিত ৬০টি টিম কেন্দ্র পরিদর্শন করে।
আপনার মন্তব্য