০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৬
সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী সিলেট বইমেলা। প্রথম আলো বন্ধুসভা সিলেটের আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলার প্রথম দিনেই ছিল পাঠকদের উপচেপড়া ভিড়। মেলা আয়োজনে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার বেলা চারটায় নৃত্যশিল্পী বিপুল শর্মার নির্দেশনায় ‘ছন্দ নৃত্যালয়’-এর শিল্পীদের ভাষার গানের সঙ্গে নৃত্য পরিবেশনার সঙ্গে মেলা শুরু হয়। এরপর বইমেলার উদ্বোধন ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা ও সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ কবি ড. মোস্তাক আহমাদ দীন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।
উদ্বোধনী পর্ব শেষে ‘প্রথম আলো বন্ধুসভা সাহিত্য পুরস্কার ২০১৮’ তুলে দেওয়া হয়। এবার পুরস্কার পান বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক তুষার কর। এ সময় পুরস্কৃত সাহিত্যিকের হাতে নগদ ১০ হাজার টাকা, ফুল ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ পর্বে তুষার করের লেখা কবিতা আবৃত্তি করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন।
এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুষমা দাস, বাউল বশিরউদ্দিন সরকার, শিল্পী শামীম আহমদ, অংশুমান দত্ত অঞ্জন, নীলেন্দু ভট্টাচার্য নিশু, ইকবাল সাঁই, সৌরভ সোহেল, শান্তনু সেন তাপ্পু, মামুন পারভেজ, লিংকন দাশ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহার নেতৃত্বে আনন্দ লোক-এর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালন করেন নাট্য সংগঠক নাহিদ পারভেজ বাবু ও বন্ধুসভার সদস্য মধুরিমা চৌধুরী প্রমা। অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারী শিল্পীদের বন্ধুসভার পক্ষ থেকে বই উপহার হিসেবে দেওয়া হয়। মেলায় ঢাকা ও সিলেটের ২০টি প্রকাশনা সংস্থা এবং বইয়ের বিপণনপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এগুলো হচ্ছে ঢাকার প্রথমা, কথা প্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, রোদেলা প্রকাশন, জয়তী, এক রঙা এক ঘুড়ি ও শব্দমালা; সিলেটের চৈতন্য, নাগরী, শ্রীহট্ট প্রকাশ, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পায়রা প্রকাশ, প্রাকৃত প্রকাশ, পাণ্ডুলিপি প্রকাশন; চট্টগ্রামের দাঁড়িকমা প্রকাশনী এবং সিলেটের বইয়ের বিপণনপ্রতিষ্ঠান জসিম বুক হাউস, শাকিল বুক সেন্টার ও সিলেট বুক সেন্টার। মেলা আয়োজনে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন।
মেলায় বিশেষ ছাড়ে প্রকাশনা সংস্থাগুলো বই বিক্রি করছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
মেলায় লেখকদের আড্ডার জন্য তৈরি করা হয়েছে ‘লেখক কুঞ্জ’।
আপনার মন্তব্য