০৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:৩৪
নগরীর মীরাবাজারে মালবাহী ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১.৩০ মিনিটের দিকে নগরীর মীরাবাজারের দাদাপীর মাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গৌছুল হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডট কমকে জানান, ঘটনার পরপর মৃতদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টিলাগড়গামী মালবাহী একটি ট্রাক সিলেট থেকে ছেড়ে এসে মীরাবাজার দাদাপীর মাজার এলাকায় পৌঁছালে সেখানে এক বৃদ্ধ রাস্তা পারাপারের সময় তাকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী এগিলে এলে পালিয়ে যান ট্রাকটির চালক ও সহযোগী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সিলেট-তামাবিল সড়কে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আপনার মন্তব্য