০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ০১:২১
সিলেটের গোলাপগঞ্জের ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ বাছিত আর নেই।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ভাই, ৩ বোন, স্ত্রী, ১পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ যোহর সিলেট নগরীর আগপাড়া জামে মসজিদে প্রথম দফা ও গোলাপগঞ্জের উত্তরভাগ শাহী ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে মরহুম এম এ বাছিতের দ্বিতীয় দফার জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন মরহুমের ছোট ভাই কর্নেল (অব.) আব্দুস সালাম বীরপ্রতীক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুর রহমান।
মরহুমের জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত নেজামে ইসলামী পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাছিরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী রইছ আলী চেয়ারম্যান, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, এডভোকেট দেলওয়ার হোসেন দিলু, এডভোকেট কবির আহমদ বাবর, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল হক, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গোলাপগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ।
মরহুমের জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম ও গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ প্রশাসন একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে এক দল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।
অর্থমন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, আব্দুল বাছিতের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো আর সমাজ একজন প্রকৃত সমাজসেবক ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো।
এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এ.কে আব্দুল মোমেন। এক শোকবার্তায় তিনি ত্যাগী, দেশপ্রেমিক, সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি মরহুম আব্দুল বাছিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য