০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:২৪
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে মাইকযোগে প্রচারণা চালাতে দিচ্ছে না পুলিশ বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, দলের চেয়ারপার্সনের সিলেট সফর উপলক্ষে তাদের মাইকযোগে তাদেরকে প্রচারণা চালাতে প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
প্রশাসনকে উদ্দেশ্য করে বিএনপির নেতৃবৃন্দ এসময় বলেন, ‘দলীয় চেয়ারপার্সনের সিলেট সফরকালে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীসহ সকলের সহযোগিতা চাই। আমরা শান্তিতে বিশ্বাসী।’
দলীয় চেয়ারপার্সনের সফরকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি নেতৃবৃন্দ সবার প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান, কাউন্সিলর কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সোমবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সড়ক পথে সিলেট আসবেন। বেলা তিনটায় খালেদা জিয়া সিলেট পৌঁছনোর কথা রয়েছে। বেলা ৪টায় হযরত শাহজালাল (র.) এবং বেলা সাড়ে ৪টায় হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। সার্কিট হাউসে রাতযাপন করে পরদিন মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বিএনপি চেয়ারপার্সন।
আপনার মন্তব্য