০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:৪৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে গেছে। এ দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দোকানটির মালিক আব্দুল আহাদ (৫০)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সোমবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের ষাঁড়েরগঞ্জ এলাকায় আব্দুল আহাদের দোকানে আগুন লাগে। এসময় তিনি দোকানের ভিতর ঘুমিয়ে থাকায় আগুনে দগ্ধ হয়ে মারা যান। আব্দুল আহাদ ষাঁড়েরগঞ্জ গ্রামের মৃত কদর আলীর ছেলে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
সিন্দুর খান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুলাহ আল হেলাল জানান, আব্দুল আহাদের ঘরে আনুমানিক দেড়-দুই লক্ষ টাকার মালামাল ছিলো। সব মালামালই পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আপনার মন্তব্য