০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:৪৪
সিলেটের লামাকাজিতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুদের তাদের মা হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্তানদের হত্যার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলেও অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কোনাউড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর বাবা কবির আলী (৪০) এর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শিশু নাহিদুল ইসলাম (৩) ও ওয়াহিদুল ইসলাম রোমান (১৮ মাস) ও তার স্ত্রী রানি বেগম (২৬) কে রেখে সকালে কবির আলী কাজে বেরিয়ে জান। পরে কাজ শেষ করে নগরীর বন্দরবাজার থেকে তিনি বিকাল ৪টায় বাড়িতে ফিরে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করার পরও স্ত্রী দরজা না খুলায় প্রতিবেশীর সহযোগীতায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন তিনি।
ঘরে ঢুকে দেখেন- বাথরুমের ভেতরে একটি বালতির মধ্যে তার দুই সন্তান নাহিদুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম রোমানের লাশ ঢুকিয়ে রাখা। এসময় এই দুই শিশুর মা রানি বেগমকে বাথরুমের ভিতরে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন।
রানি বেগম সেভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে কবির আলীর বরাত দিয়ে জানায় পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত দুই শিশুর লাশ উদ্ধার করেছে। নিহত দুই শিশুর বাবা কবির আলী ও মা রানি বেগমকে আটক করেছে।
আপনার মন্তব্য