০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৩৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর তাকে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বিকাল সোয়া তিনটার দিকে বিপুল পরিমাণ পুলিশ প্রহরায় খালেদা জিয়াকে সেখানে নিয়ে যাওয়া যাওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে খালেদা জিয়াকে আদালত থেকে বের করা হয়। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে আসামিদের বাচ্চাদের জন্য একসময় ব্যবহৃত কিডস ডে কেয়ার সেন্টারের তিনতলা ভবনের নিচতলায় দুটি রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে কারাগার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও অবস্থান জোরদার করা হয়েছে। বুধবার কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান পুরান ঢাকার বকশীবাজারস্থ অস্থায়ী আদালতে এ রায় ঘোষণা করেন।
আপনার মন্তব্য