০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:৩৯
হবিগঞ্জের চুনারুঘাটে নকল কীটনাশক বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মো. ফারাবী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শায়েস্তাগঞ্জের মো. আব্দুল্লাহ মিয়া (৩৫) ও শানখলা ইউনিয়নের রমাপুর গ্রামের পলাশ মিয়া (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হাট বাজারে ভিরতাকো নামের বিপুল পরিমাণের নকল কীটনাশক বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী ওই সব এলাকায় অভিযান চালান। অভিযানকালে ধান ক্ষেতের মাজরা ও পাতা মোড়ানো পোকা নিধনের জন্য অনুমোদনহীন নকল কীটনাশক বিপণনের সময় হাতেনাতে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ২১ হাজার টাকা মূল্যমানের ১৪৮ প্যাকেট নকল ভিরতাকো জব্দ করা হয়। পরে তাদেরকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মো. ফারাবী বলেন, উপজেলায় যেখানে এ ধরনের নকল ও অনুমোদনহীন কীটনাশক বিক্রি করা হবে সেখানে অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন।
উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার অসাধু বিক্রেতাদেরকে সনাক্ত করার আহবান জানিয়ে কৃষি ও কৃষকদের বাঁচাতে অনুমোদনহীন নকল কীটনাশক ব্যবহার না করতে অনুরোধ জানান।
আপনার মন্তব্য