নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:১৭

দেশে নেই, তবু আসামি খালেদ

নূরুল আলম সিদ্দীকি খালেদ; সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় তার নামে মামলা হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে তিনি দেশে নাই, প্রবাসী।

বৃহস্পতিবার খালেদা জিয়ার বিপক্ষে রায়ের পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ২২ নং আসামি করা হয়েছে সাবেক এ ছাত্রদল নেতাকে।

জানা যায়, নূরুল আলম সিদ্দীকি খালেদ দেড় বছর আগে কাতার চলে যান। তিনি তখন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন। তখন ধরপাকড় এড়াতে অনেকটা গোপনেই দেশ ছেড়ে চলে যান খালেদ। বিদেশ চলে যাওয়ার প্রায় তিন মাস পর কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা বিষয়টি জানতে পেরে সিলেট মহানগর ছাত্রদলের কমিটি স্থগিত করে দেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব জানান, খালেদ প্রবাসে আছেন কিনা সে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

তিনি বলেন, ‘খালেদ যদি সত্যিই বিদেশে থাকেন তাহলে কেন তাকে মামলার আসামি করা হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত