নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৩১

সিলেটে ছাত্রলীগের হামলায় আহত দুই সাংবাদিক

সিলেট নগরীতে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাদের ডেকে নিয়ে গিয়ে ১০-১৫ জন এ হামলা চালায় বলে অভিযোগ করেছে আহতরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নিম্বার্ক আশ্রমের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহত দুই সাংবাদিক হলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাধব কর্মকার ও একই চ্যানেলের ক্যামেরা পারসন গোপাল বর্ধন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হামলার পর ওই দুই সাংবাদিক অভিযোগ করেন, সম্প্রতি একটি ফেসবুক পোস্টে 'ছাত্রলীগ' বানান ভুল নিয়ে মন্তব্য করায় তাদের ওপর এই হামলা চালানো হয় এবং আপত্তিকর অবস্থায় ছবি ও ফুটেজ ধারণ করা হয়।

তারা জানান, মির্জাজাঙ্গাল মোড়ে দাঁড়িয়ে থাকার সময় তাদের ডেকে নিম্বার্ক আশ্রমের সামনে নিয়ে যান দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মোসা ও ছাত্রলীগ নেতা রাজেশ সরকার। এরপর তাদের শারীরিকভাবে আঘাত করেন ওই দুই নেতা। এসময় হামলাকারীদের সাথে আরো ১০-১৫ জন নেতাকর্মী ছিল বলেও তারা জানান।

এ ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন গোপাল বর্ধনের মোবাইল ফোনটিও তারা কেড়ে নেন বলে জানান গোপাল।

হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। এসময় তিনি সিলেটটুডেটোয়েন্টিফোরডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ খতিয়ে দেখার পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।"

এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি এ ঘটনার নিন্দা জানান।

আপনার মন্তব্য

আলোচিত