গোলাপগঞ্জ প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৫৯

লজ্জা থাকলে বিএনপি আর দুর্নীতি করবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে তাদের শাস্তি হয়েছে। লজ্জা থাকলে বিএনপি জীবনে আর দুর্নীতি-লুটপাট করবেনা। এতিমদের টাকা মেরে খাবে না। তিনি বলেন, অন্যায় করলে যে শাস্তি পেতে হয়, আজ তা প্রমাণ হয়েছে।

তিনি শনিবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী উপজেলার সদর ইউনিয়নের তালগাছ-গোয়াসপুর-বটেরচক রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, রায়গড় পুরানবাজার দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন, ঢাকাদক্ষিণ-চন্দরপুর রাস্তা জরুরি মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রায়গড় উকড়কান্দি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ, শাহাব উদ্দিন, সেলিম আহমদ, আব্দুস সামাদ জিলু, আলিম উদ্দিন বাবলু, তজম্মুল আলী, তুতা মিয়া, আবুল কাসেম সেবুল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত