১১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:১৯
হবিগঞ্জের বাহুবলে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বানিয়াগাঁও বন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র হাবিব মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খুঁজেরগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সে স্থানীয় বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শনিবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বানিয়াগাঁও মাদ্রাসায় তাফসির মাহফিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয় হাবিব। রাতে সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার বানিয়াগাঁও এলাকার একটি জমিতে তার লিঙ্গ কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ রহস্য উদঘাটনে চেষ্টা করছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য