১৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৪৮
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে সতং রোডের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে ৪ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সতং রোডের পাশে মো. সবুজ মিয়ার দোকান সবুজ স্টোর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে সতং রোডের পাশে সবুজ স্টোর, সিরাজ ভেরাইটিজ স্টোর ও একটি চায়ের দোকান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সতং রোডের পাশে সবুজ স্টোরের মালিক মো. সবুজ মিয়া দোকান তালাবদ্ধ করে জোহরের নামাজে যান। তখন সবুজ মিয়ার দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই পাশের সিরাজ ভেরাইটিজ স্টোর ও আনছব উল্লার চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দোকানগুলোতে ফ্রিজ, টিভি, টেবিল, চেয়ার, ফ্যান, বিস্কুট, সিগারেটসহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবুজ মিয়ার দোকানে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আনছব উল্লার চায়ের দোকানে ১ লক্ষ টাকার ও সিরাজ মিয়ার দোকানে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য