জগন্নাথপুর প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:৫৮

নলুয়ার হাওরে যাত্রার নামে অশ্লীলতা বন্ধ করে দিলো পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওরে অশ্লীল যাত্রা, জুয়া, মদসহ অসামাজিক কার্যকলাপ ভঙ্গ করে দিয়েছে পুলিশ। এদিকে অশ্লীল যাত্রানুষ্ঠান ভঙ্গ হওয়ায় নলুয়ার হাওরের কৃষকসহ স্থানীয় জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ হাই জকির উপস্থিতিতে থানার একদল পুলিশ অশ্লীল যাত্রানুষ্ঠান ভঙ্গ করে।

এ সময় মেলায় জুয়া খেলার জন্য নির্মিত ৫০টি দোকানপাট উচ্ছেদ করা হয়।

জানা যায়, নলুয়ার হাওরবেষ্টিত উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি হলিকোনা ও ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি রৌয়াইল বাজার নিকটস্থ মাঠে মেলার নামে তিন দিনব্যাপী অশ্লীল যাত্রানুষ্ঠান, জুয়া, মদসহ অসামাজিক কার্যকলাপের আয়োজনের করে প্রভাবশালী মহল। এর আগে স্থানীয় জনতা এসব অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেন। এমনকি স্থানীয় জনতা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধন কর্মসূচি পালন করেন হাওরপারে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান জানান, অনৈতিক অশ্লীল যাত্রা বন্ধ হওয়ায় আমরা আনন্দিত। এ সময় তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী জানান, রৌয়াইল বাজার নিকটস্থ মাঠে মেলার নামে অশ্লীল যাত্রানুষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত