২৩ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:৩০
তফসিল ঘোষণার পর পরই সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদের উপ নির্বাচনে প্রার্থীতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারা প্রার্থী হবেন, কোন দলের মনোনয়ন কে পাবেন ? এই নিয়ে পাড়া-মহল্লায় চলছে জোরালো আলোচনা।
এবারের উপ নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আটজন প্রার্থী। বৃহস্পতিবার পর্যন্ত নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন পাঁচজন প্রার্থী।
যারা নৌকা প্রতীকের মনোনয়ন চাইলেন তাঁরা হলেন, প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের বখ্ত, আওয়ামী লীগ নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জেলা ও দায়রা আদালতের পিপি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস ও জেলা যুবলীগের সদস্য সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু। জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন মনোনয়ন প্রত্যাশী ওই পাঁচ প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ‘আজ ছিল লিখিত আবেদনের শেষ তারিখ। পাঁচজন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য লিখিত আবেদন করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাথে কথা বলে এই পাঁচজনের নাম কেন্দ্রে প্রস্তাব করব আমরা।’
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের উপ নির্বাচন হবে আগামী ২৯ মার্চ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১ মার্চ। ৪ ও ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১২ মার্চ প্রত্যাহার এবং ১৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ ২৯ মার্চ।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ূব বখত জগলুল গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরসভার টানা দুইবারের মেয়র ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ নির্বাচিত অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত ছিলেন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।
আপনার মন্তব্য