২৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:১৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও স্টেশনের কাছে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের উদ্ধার কাজ চলছে। লাইনচ্যুত বগির ১১টির মধ্যে ইতোমধ্যে ৬ টি বগি উদ্ধার করা হলেও বাকি ৫টি বগি উদ্ধারে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে টুলবাহী একটি ট্রেন ও একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, রাত ১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও ষ্টেশনের কাছে ১১টি বগি লাইনচ্যুত হলে মধ্যরাত থেকেই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া জংশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী এরফানুর রহমান, ট্রেনের পুলিং রড ভেঙে লাইন পয়েন্ট অ্যান্ড ক্রসিং এর কয়েকটি ব্লক ভেঙে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বডি ফেঁসে আছে। ইতোমধ্যে ৬টি বগি উদ্ধার করা হয়েছে। আরও ৬ ঘণ্টার মতো সময় লাগবে বাকী ৫টি বগি উদ্ধার করতে।
তিনি আরও জানান, ট্রেন ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং লাইনেরও কাজ করতে হচ্ছে। তাই সময় বেশি লাগছে।
এদিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ নামে যে ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে লাইনচ্যুত হয়েছে সে ট্রেনের যাত্রী ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান (এমপি)। তবে প্রতিমন্ত্রী মান্নান অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ অন্যান্য যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের একটি দল অর্থ প্রতিমন্ত্রীকে গাড়ি করে নিরাপদে ঢাকা পৌঁছে দিয়েছে। অন্যান্য যাত্রীরা ছত্রভঙ্গ ভাবে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
মৌলভীবাজার পুলিশ সুপার শাহজালাল বলেন, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করেছে। কোনো হতাহতের খবর আমরা পাইনি।
আপনার মন্তব্য