২৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১০:২০
সুনামগঞ্জের ছাতক-দোয়ারা সড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর-কাড়–লগাও এলাকার এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের চিরপত আলীর ছেলে আবুল হোসেন (২৫) ও সুনামগঞ্জ তেঘরিয়ার হাবিব আহমদ (৩০) নামের দু’জন মারা যান। এসময় ট্রাক চালককে উদ্ধার করে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এদিকে, দুর্ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর ট্রাক থেকে দুজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ও দমকল বাহিনী। রোববার বেলা ৪টার দিকে ক্রেনের সাহায্যে তাদের লাশ পানি থেকে তীরে আনা হয়। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, লক্ষীবাউড়-কাড়–লগাও এলাকার ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ন অবস্থায় ছিলো। ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে যানবাহন চলাচল করতো। শনিবার রাতে চট্টগ্রাম থেকে ছাতকে পণ্য নিয়ে আসার সময় পণ্যবোঝাই ট্রাকসহ ব্রিজটি তলিয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে ছাতক-দোয়ারাবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে রোববার ছাতকের উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজারের উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উল্যাহ খান, দোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া মমতাজ, সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম খানসহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রায় ১৬ ঘন্টা পর নিহতদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম খান বলেন, দুর্ঘটনাকবলিত সেতুটি মেরামত করে দ্রুত সড়ক যোগাযোগ চালুর চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হবে।
আপনার মন্তব্য