নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০১৮ ১৬:০৬

খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে সরকার: সিলেট বিএনপি

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, কথিত কোন দুর্নীতি নয়, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েশি রায়ে সাজা প্রদান করে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে শুধু কারাগারে প্রেরণ করেই অবৈধ সরকার ক্ষান্ত হয়নি এখন তাঁর কারাবাস দীর্ঘায়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে।

তাঁরা আরো বলেন, একদিকে সরকার প্রধান সরকারি খরচে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারান্তরীন রেখে ভোটারবিহীন নির্বাচনের পায়তারা করছেন। দেশের মুক্তিকামী জনতার সরকারের হীন ষড়যন্ত্রের ব্যাপারে রাজপথে সোচ্চার রয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না। খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোন টালবাহানার পরিণতি ভাল হবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিতে হবে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েশি রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম. এ হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শামীম আহমদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত