মাধবপুর প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৮ ১৭:০৩

মাধবপুরে ডিটারজেন্ট কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার এলাকায় ডিটারজেন্ট কারখানায় অভিযান চালিয়ে ২০০ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করেছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে পূর্ব মাধবপুর গ্রামের আরব আলী বাড়ীতে অবস্থিত কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান।

অভিযানে আরব আলী (৪৫) কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বিমান চন্দ্র কর্মকার, স্যানিটারি ইন্সপেক্টর, মাধবপুর পৌর কাউন্সিলর রফু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, নকল পণ্য তৈরির খবরে আরব আলী মিয়ার বাড়ীতে অবস্থিত কারখানায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারখানাটি সিলগালা করে উদ্ধার করা ২০০ বস্তা ডিটারজেন্ট পাউডার পৌর কাউন্সিলর রফু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত