হবিগঞ্জ প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৮ ২২:৫৮

হবিগঞ্জে মা-শিশুর স্বাস্থ্য বিষয়ক পথনাটক প্রদর্শিত

হবিগঞ্জে পরিবার পরিকল্পনা মেলায় মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পথনাটক ‘মা মনির কিচ্ছা’ প্রদর্শিত হয়েছে।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বৃহস্পতিবার (৮ মার্চ) ডিসি অফিস প্রঙ্গনে বিকাল সাড়ে ৩টায় নাটকটি প্রদর্শিত হয়। স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের সহযোগিতায়, ভিজুয়াল কমিউনিকেশনের ব্যবস্থাপনায় পথনাটক কার্যক্রমের হবিগঞ্জ জেলার সমন্বয়কারী মোক্তাদির হোসেনের সমন্বয়ে ‘মা মনির কিচ্ছা’ নাটকটির ছিল তৃতীয় পর্যায়ের ৫ম প্রদর্শনী।

গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে সামাজিক আচরণ পরিবর্তনের উদ্দেশ্যে ইউএসএইড এর অর্থায়নে এবং সেইভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত মা-মনি এইচএসএস প্রকল্প। এই প্রকল্পের আওতায় হবিগঞ্জের ইউনিয়ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৩৬টি প্রদর্শনী হয়েছে।

নাটকের বিষয়বস্তু সম্পর্কে পথনাটক কার্যক্রমের হবিগঞ্জ জেলার সমন্বয়কারী মোক্তাদির হোসেন বলেন, ‘প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সকল সেবা থেকে বঞ্চিত রাখার কারণে প্রতিবছরই আমরা অসংখ্য মা ও শিশুকে হারাই। গর্ভাবস্থা নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বেশকিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এই যেমন-বেশি খেলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে, প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণকে দূষিত রক্ত বলা, প্রসব সমস্যায় গর্ভবতীকে শরম-লজ্জার ভয় দেখিয়ে চুপ রাখা, নিশ্চিত ঝুঁকি জেনেও হাসপাতালে না নেয়া। নাটকের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন এনে ভবিষ্যতে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের কার্যক্রমের উদ্দেশ্য।

দুই দিনব্যাপী পরিবার-পরিকল্পনা মেলার সমাপনী দিনে পথনাটক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা যুগ্ম সচিব ও পরিচালক মোঃ কুতুব উদ্দিন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, স্থানীয় সরকার উপপরিচালক শফিউল আলম, হবিগঞ্জের পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ নাসিমা খান ইভা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল আহমেদ পাভেল, নির্বাহী ম্যাজিস্ট্রিট তারেক মাহমুদ জাকারিয়া, সেইভ দ্যা চিলন্ড্রেন এর ডেপুটি ম্যানেজার সৈয়দা জামিলা সিদ্দিকা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ‘মা মনির কিচ্ছা’ নাটকে অভিনয় করেন- মো. শহীদুল ইসলাম, হারুনুর রশীদ সপ্নীল, সারং খান, মোয়াজ্জেম হোসেন, পিংকী চোধুরী ও নদী।

আপনার মন্তব্য

আলোচিত