১২ মার্চ, ২০১৮ ১৫:২২
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা যাতে সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য সরকার কৃষকদের বিশেষ কার্ড দিচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষির উন্নয়নের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তাই দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এক সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। তখন অনেক মানুষ অনাহারে থাকত। বর্তমানে দেশের জনসংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি হওয়ার পরও কোন মানুষ আর খাদ্যের অভাবে অনাহারে থাকছে না।
সোমবার (১২ মার্চ) সকালে সিলেটের গোলাপগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিলেট অলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আউস প্রণোদনা কর্মসূচীর বিনামূল্যে বীজ, সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জামাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ডা. আব্দুর রহমান, কৃষক লীগের সভাপতি ইসমাইল আলী, আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রায় ৯৭৫ জন কৃষকের মধ্যে বীজ, সার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের পূর্বে শিক্ষামন্ত্রী উপজেলা অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ ও উপজেলার ১৭০টি প্রাথমিক স্কুলে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
আপনার মন্তব্য