১৪ মার্চ, ২০১৮ ২৩:০৮
হবিগঞ্জের মাধবপুরে সাদ্দাম মিয়া (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত সাদ্দাম মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য।
বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বড়ুরা গ্রাম থেকে মাধবপুরের মনতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া সাদ্দাম উপজেলার রাজনগর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, সাদ্দাম আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত ৮ মার্চ উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মাহবুবুর রহমান সোহাগের মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে ঘটনার পরদিন ফারুক মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করা হলে ফারুকের স্বীকারোক্তির ভিত্তিতে আজ (বুধবার) সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাদ্দাম মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে চুরি হওয়া মোটরসাইকেলটি সে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়ে দেয় বলে পুলিশকে জানায়।
আপনার মন্তব্য