১৫ মার্চ, ২০১৮ ১৭:৩৭
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের বাবা আতিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ৫ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিকেলে তিনি জবানবন্দি প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে তিনি জবানববন্দি দেন। একই আদালতে বৃহস্পতিবার ফয়জুরের মামা ফজলুকেও হাজির করা হয়।
আদালত শুনানী শেষে ফয়জুলের মামা ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১১ মার্চ ফয়জুলের মামা ও বাবাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে বুধবার রাতে বিপুল পরিমাণ জিহাদী বই ও চাপাতিসহ আটক রায়হানুল ইসলাম চমনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য চৌধুরী বলেন, চমনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলায় তার সম্পৃক্ততা পেলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে উপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামী করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
আপনার মন্তব্য