সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৮ ১৭:৪৬

সুনামগঞ্জে দুর্ঘটনায় প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ শাল্লা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোতালেব (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেল সোয়া ৩ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের জানীগাঁও গ্রামের সামনে এই ঘটনা ঘটে।

ডা. আব্দুল মোতালেব গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের পাড়াইলে। তিনি শাল্লার পাশাপাশি বিশ্বম্ভরপুর উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার জেলা প্রাণী সম্পদ অফিসে আসলে জরুরী চিকিৎসায় নীলপুর সলুরগাঁও গিয়েছিলেন।
 
নিহত মোটরসাইকেলটির অপর আরোহী সুনামগঞ্জ শহরের নবীনগরের জসিম উদ্দিন ছেলে সেলিম আহমদ (৩৫)। তিনি সুরমা ইউনিয়নের কৃত্রিম পশু প্রজননকর্মী ছিলেন। তাছাড়া আহত হয়েছেন সদর উপজেলার নীলপুর সলুরগাঁও গ্রামের আমির হোসেন (৩৬)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. আব্দুল মোতালেব নীলপুর সলুরগাঁও গ্রামের আমির হোসেনের গরুর চিকিৎসা শেষে সুনামগঞ্জ শহরে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন কৃত্রিম প্রজননকর্মী সেলিম আহমদ। ডা. আব্দুল মোতালেবের পাশাপাশি মোটরসাইকেলে ছিলেন আমির হোসেন। পথে জানীগাঁও গ্রামের সামনে সুনামগঞ্জ শহর থেকে দিরাই রাস্তাগামী একটি যাত্রীবাহী লেগুনা তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সেলিম আহমদ। আহত হন ডা. আব্দুল মোতালেব ও আমির হোসেন।

পরে স্থানীয়রা ডা. আব্দুল মোতালেব ও আমির হোসেনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. আব্দুল মোতালেব। আমির হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঘটনার সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ‘লেগুনার ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাল্লা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশংকাজনক।’    

আপনার মন্তব্য

আলোচিত