মৌলভীবাজার জেলা প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৮ ১৯:২৭

শ্রীমঙ্গলে বিদেশী মদ সহ র‍্যাবের হাতে আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ ২ জন কে আটক করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল সিপিসি-২।

আটককৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার জামশী এলাকার দিগেন্দ্র দেবনাথের ছেলে অলক দেবনাথ (৩৯),কামারগাঁও এলাকার মোঃ জবরু মিয়া’র ছেলে মো. ইমরান হোসেন (২১)।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ধানসিঁড়ি আ/এ ডাক বাংলো পুকুর পাড় সড়ক পৌরসভা মার্কেটের পাশে রাস্তার উপর থেকে ০১টি পিকআপ ভর্তি ১৩৭ বোতল (বড়/ছোট) বিভিন্ন কোম্পানির বিদেশী মদ যার আনুমানিক বাজার মূল্য ১,৬৫,০০০ টাকা, ১টি পিকআপ গাড়ী, ৩টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড উদ্ধারসহ ২জনকে আটক করে শ্রীমঙ্গল র‌্যাব-৯।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাব-৯, সিলেট মোঃ মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেফতারকৃত আসামীরা মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। তারা ২জন মৌলভীবাজারসহ দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে। দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলেন তারা। এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে শ্রীমঙ্গল থানাতে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত