বড়লেখা প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৮ ২০:০৪

মাধবকুণ্ডে বারুণী স্নানে পুণ্যার্থীর ভিড়

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে বৃহস্পতিবার (১৫ মার্চ) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে মাধবকুণ্ডে ছিল হাজারো পুণ্যার্থীর ভিড়। ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্নান করেছেন পুণ্যার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু এলাকার নয়, দূর-দূরান্তের হিন্দু ধর্মাবলম্বীরা এই স্নানোৎসবে যোগ দেন। হাজারো পুণ্যার্থীর ভিড়ে জলপ্রপাত এলাকা মুখর হয়ে ওঠে। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, অন্য ধর্মের মানুষও ছুটে আসেন এখানে। বারুণী স্নানোৎসব উপলক্ষে এদিন জলপ্রপাত এলাকার অদূরে মেলা বসে। উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক বাহিনী ছাড়াও ছিল মেডিকেল টিম। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ছিল কন্টোল রুম।

শ্রী শ্রী মাধবকুণ্ড উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুকুল চন্দ্র দেব বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে বলেন, ‘আনুমানিক আড়াইশ বছর ধরে এখানে স্নানোৎসব চলছে। বুধবার বিকেল থেকে স্নান শুরু হয়। প্রতি বছর থেকে এবার পুণ্যস্ননে মানুষ কম এসেছেন। হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষের বিবাহ অনুষ্ঠানের তারিখ থাকায় উপস্থিতি কম। দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা এসেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।’

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে বলেন, ‘নির্বিঘ্নে পুণ্যার্থীরা যাতে বারুণী স্নানোৎসব সম্পন্ন করতে পারেন এ জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মাধবকুণ্ড জলপ্রপাতের উৎসবস্থলে ও আশপাশে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশের নজরদারি ছিল। এতে কোনো ধরনের বিশৃঙ্খলার হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে বলেন, ‘বারুণী স্নানোৎসব সফলভাবে সম্পন্ন করার করার লক্ষ্যে শ্রী শ্রী মাধবকু- উন্নয়ন ও পরিচালনা কমিটিসহ মিটিং করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।’

আপনার মন্তব্য

আলোচিত