সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০১৮ ২২:১৯

শুক্রবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস

পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নারী ভাষা শহীদ ও মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) ভাষা শহীদ সুদেষ্ণা দিবস আগামীকাল ১৬ মার্চ (শুক্রবার)। দিবসটি পালন উপলক্ষে সিলেট, মৌলভীবাজার, রাজধানী ঢাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এরই অংশ হিসাবে শুক্রবার (১৬ মার্চ) সিলেটে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংঘটনটি।

কর্মসূচির মধ্যে সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ১০ টায় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী সুষমা দাস। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমন্ত্রিত অন্যান্য অতিথিরা। এতে ক্ষুদ্র জাতিসত্ত্বার প্রতিনিধিসহ ভাষাপ্রেমী সকল মহলের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শুভ কুমার সিংহ ও সাধারণ সম্পাদক কিরণ সিংহ।

দিবসটি উপলক্ষে মণিপুরি বিজ্ঞান প্রজন্ম ও নিংশিং শিংলুপ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় র‌্যালী, সকাল ৯টায় প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, সকাল সাড়ে ৯টায় শোকসভা, ১০টায় বাংলা থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় অনুবাদ প্রতিযোগীতা, সাড়ে ১০ টায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে।

উল্লেখ্য, গোটা পৃথিবীতে ভাষার জন্য প্রথম নারী কমলা ভট্টাচার্য শহীদ হন ১৯৬১ সালের ১৯ মে। বাংলাভাষার আন্দোলনে আসামের শিলচড়ে শহীদ হন তিনি। এরপর ভাষার জন্য পৃথিবীতে দ্বিতীয় নারী হিসাবে শহীদ হন সুদেষ্ণা সিংহ। ১৯৯৬ সালের ১৬ মার্চ মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) ভাষার দাবিতে ভারতের আসামে ৫০১ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচি পালনকালে সত্যাগ্রহীদের উপর পুলিশ ব্রাশফায়ার করলে সুদেষ্ণা সিংহ শহীদ হন। এছাড়াও আহত হন সহশ্রাধিক সত্যাগ্রহী। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) জাতিগোষ্ঠী দিনটিকে শহীদ সুদেষ্ণা ও ভাষা শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন।

আপনার মন্তব্য

আলোচিত